ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখার নেতা শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুদ্ধদেব নামের আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৬ মে) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও তিনি মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন তিনি। রাজনৈতিক যোগাযোগ রক্ষা, সভা-মঞ্চ তদারকি এবং ব্যক্তিগত বিভিন্ন দায়িত্ব সামলাতেন চন্দ্রনাথ। সদ্য সমাপ্ত নির্বাচনেও শুভেন্দুর রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চলন্ত গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থল থেকে পাওয়া গাড়ির ছবিতে কাচে অন্তত তিনটি বুলেটের চিহ্ন দেখা গেছে। হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে কোনো নম্বর প্লেট ছিল না বলেও জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ ও তার সহযোগীরা মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন। পথে দোহারিয়ার কাছে তাদের গাড়ির গতিরোধ করা হয়। এরপর জানালার কাচ ভেদ করে গুলি চালানো হয়। চন্দ্রনাথের মাথা ও পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হেলমেট পরা ছিল। ফলে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত এবং কী কারণে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপির একাধিক নেতা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুভেন্দু অধিকারীও সেখানে যাওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।