• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:২৩ এএম


মুখ্যমন্ত্রী হতে হলে শুভেন্দুকে পার হতে হবে আরও এক ধাপ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ২:২৫ পিএম

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির শীর্ষ পছন্দ হিসেবে উঠে এসেছেন শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়া এগোচ্ছে দ্রুত গতিতে।সূত্র অনুযায়ী, শুক্রবার কলকাতায় বিজেপির বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই হাত তুলে ভোটের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে। রাজ্য বিজেপি সভাপতি সামিক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানা গেছে।এরপর শুভেন্দু অধিকারী, সামিক ভট্টাচার্য এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন।দলীয় সূত্র আরও জানায়, আগামী শনিবার (৯ মে) শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ‘রবীন্দ্র জয়ন্তী’র সঙ্গে মিলে যাওয়ায় অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পেতে পারে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি বিজেপি ও শরিক দলের শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এতে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।এর আগে অমিত শাহ মন্তব্য করেছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী এমন একজন হবেন যিনি বাঙালি, বাংলায় জন্মেছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষায় দক্ষ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শুভেন্দু অধিকারী সেই মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে বিজেপির গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। নন্দীগ্রাম ও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার জয়কে কেন্দ্র করে তিনি জাতীয় রাজনীতিতেও আলোচনায় আসেন বলে সূত্রের দাবি।তিনি ২০২০ সালে তৃণমূল ছাড়েন এবং পরে বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক জীবনে তিনি বিধায়ক, সাংসদ ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনে তার ভূমিকা রাজ্য রাজনীতিতে তাকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসে।

সূত্র: এনডিটিভি

/বিএসএস