আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর কলকাতার ঐতিহ্যবাহী নিউমার্কেট এলাকায় বুলডোজার অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিজয় মিছিলের মধ্যে কয়েকটি দোকানে ভাঙচুর ও বুলডোজার চালানোর অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেটের একটি কাপড়ের দোকানে প্রথম বুলডোজার চালানো হয়। পরে আরও কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।
স্থানীয় সূত্র বলছে, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বড় অংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ব্যবসায়ীদের।
এদিকে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর অবস্থানকে ঘিরে। তিনি জানিয়েছেন, নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে যাবেন এবং পদত্যাগ করবেন না।
কালীঘাটে দলীয় বৈঠকে মমতা বলেন, “আমি পদত্যাগ করব না। রাষ্ট্রপতিশাসন হলে হোক, আমাকে বরখাস্ত করা হোক।”
অন্যদিকে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। দলীয় সূত্রে জানা গেছে, আগামী রবীন্দ্রজয়ন্তীতে নতুন মন্ত্রিসভার শপথ আয়োজনের প্রস্তুতি চলছে।
মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে তৃণমূলের বড় পরাজয়ের অন্যতম প্রধান কৌশলবিদ হিসেবে দেখা হচ্ছে তাকে।
ঘটনাকে কেন্দ্র করে কলকাতা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
/এএসএফ