• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৪ এএম


ভোট-পরবর্তী স’হিং’সতায় উত্ত’প্ত পশ্চিমবঙ্গ, নিহ’ত ও হা’মলার অভিযোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ১:১৫ পিএম

ভোটের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গজুড়ে একাধিক জেলায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া ও বাঁকুড়াসহ বিভিন্ন এলাকায় খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছে।

বীরভূমের নানুরে ভোট-পরবর্তী সহিংসতায় এক তৃণমূল কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আবির শেখ। তার পরিবারের দাবি, বিজেপি কর্মীরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চম্পাহাটিতে পঞ্চায়েত অফিস ঘিরে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, বিজেপি কর্মীরা দলীয় পতাকা টাঙিয়ে বাঁশ দিয়ে অফিসের প্রবেশপথ বন্ধ করে দেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, বিজেপি কর্মীরা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভেঙে ফেলে এবং দলীয় পতাকা নামিয়ে নেয়। যদিও বিজেপি এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, দলের নির্দেশে এমন কোনো কাজ হয়নি।

বারুইপুরে তৃণমূলের ফুলতলা দলীয় কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সীতাকুণ্ড মোড়ে অবস্থিত ওই কার্যালয়ে হামলার পর সেখানে বিজেপির পতাকা টাঙানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

নদিয়ার কৃষ্ণনগরের বাদকুল্লা মোড়ে তৃণমূলের একটি কার্যালয় দখল, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি। তবে বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

হাওড়ার উদয়নপুর এলাকায় বিজেপি সমর্থক যাদব বর (৪৮)-এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার পরিবারের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পেটকুলচাঁদ এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে মোটরসাইকেলে ফেরার সময় তাদের পথরোধ করে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। এ ঘটনার জন্য তৃণমূল কর্মীদের দায়ী করেছে বিজেপি।

এদিকে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাঁচবাগা মোড়, গোবিন্দনগর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলা চালিয়ে দলীয় পতাকা নামিয়ে বিজেপির পতাকা টাঙানোর অভিযোগ করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন কলেজে ছাত্র সংসদের কক্ষ দখল করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) বলেও অভিযোগ উঠেছে।

/এসএন