ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে নিজের আসন ভবানিপুরে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে হেরে যান।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৪৬৩ ভোট, আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৩৪৯ ভোট। ভোট গণনা চলাকালে কেন্দ্রীয় গণনা কেন্দ্র এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুরো সময়জুড়ে সেখানে টানটান উত্তেজনা বিরাজ করে।
গণনা প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস শিবির। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গণনা কেন্দ্র পরিদর্শন করে কারচুপির অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের মধ্যেই শেষ পর্যন্ত ঘোষিত ফলাফলে জয়ী হন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
বিজয় নিশ্চিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। তিনি এই জয়কে জনতার রায় হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “বিজেপি ভোট লুট করেছে, জোর করে আমাকে হারানো হয়েছে। আমি আবার ফিরে আসব।”