রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় সাড়ে ২১ কেজি ওজনের একটি বড় কাতল মাছ, যা বিক্রি হয়েছে ৪৩ হাজার টাকায়। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে মাছটি ধরা পড়ে।
জেলে নবীন হালদার জানান, সোমবার রাতে তিনি কয়েকজন সহকর্মীকে নিয়ে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নৌকা নিয়ে জাল ফেলেন। তবে রাতভর কোনো মাছ ধরা না পড়ায় তারা অপেক্ষায় ছিলেন। ভোরের দিকে হঠাৎ জালে শক্ত একটি ধাক্কা অনুভব করলে তারা বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল তুলে দেখেন বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।
তিনি আরও বলেন, মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে নেওয়া হয় এবং সেখানে নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করা হয়। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান সেখ মাছটি কিনে নেন।
ক্রেতা সম্রাট সাজাহান সেখ জানান, মঙ্গলবার ভোরে তিনি মাছটি ২ হাজার টাকা কেজি হিসেবে মোট ৪৩ হাজার টাকায় ক্রয় করেন। পরবর্তীতে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে তিনি মাছটি বিক্রি করবেন বলে জানান।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে এত বড় কাতল সচরাচর পাওয়া যায় না। তবে বর্ষা মৌসুম ঘনিয়ে এলে মাঝে মধ্যে বড় আকারের মাছ ধরা পড়ে।