• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ এএম


ককরোচদের ঠেকাতে নতুন দল, দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’র প্রথম সমাবেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ অক্টোবর ২০২৬ ১:১৪ পিএম

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের পাল্টা অবস্থান নিতে আত্মপ্রকাশ করেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে দলটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের সমালোচনা করেন নতুন দলটির নেতারা।

লাল হিট জনতা পার্টির নেতাদের অভিযোগ, এ ধরনের কর্মসূচির মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। পাশাপাশি বিক্ষোভের কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

দলটির প্রধান অয়ন ভাটনগর বলেন, ভারতের গণতন্ত্র রক্ষার লক্ষ্য নিয়েই লাল হিট জনতা পার্টি গঠন করা হয়েছে। সমাবেশে সংগঠনটির ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়। অল্প সময়ের নোটিশে কত মানুষকে একত্র করা সম্ভব, তা দেখানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।

সিজেপির বিক্ষোভকারীদের সমালোচনা করে ভাটনগর বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেই হবে না, মানুষকে রাজপথেও নামতে হবে। তাঁর অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা দুর্বল করা হচ্ছে।

সিইসির পদত্যাগের দাবি প্রসঙ্গে ভাটনগর বলেন, আজ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হলে আগামীকাল প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠতে পারে। তবে কোনো গোষ্ঠী বিপুলসংখ্যক মানুষকে একত্র করতে পারলেই যে তাদের দাবি মেনে নিতে হবে, এমন নয় বলেও মন্তব্য করেন তিনি।

২০২৩ সালে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য চালু হওয়া পদ্ধতির প্রসঙ্গ টেনে ভাটনগর বলেন, ওই প্রক্রিয়ায় বিরোধীদলীয় নেতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সিইসির পদত্যাগ দাবি করার আগে নিয়োগপ্রক্রিয়া এবং এর আগের প্রধান নির্বাচন কমিশনারদের মেয়াদ পর্যালোচনা করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, সিজেপির বিক্ষোভের কারণে দিল্লিসহ বিভিন্ন শহরে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাংবাদিক পবন দাবি করেন, আন্দোলনের কারণে ব্যবসায়ীদের প্রায় তিন হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে। তাঁর আশঙ্কা, ক্ষতির পরিমাণ বেড়ে ১০ হাজার কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এসব দাবির পক্ষে বিস্তারিত কোনো তথ্য সমাবেশে তুলে ধরা হয়নি।

অনুষ্ঠানে বক্তব্য দেন নৃত্যশিল্পী রিচা গুপ্ত। তিনি দেশের ঐক্য রক্ষায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সমর্থন প্রকাশ করেন।

সমাবেশের শেষাংশে লাল হিট জনতা পার্টির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

/এসএন