• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ এএম


ফ্রান্সে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে, কারফিউ জারির ক্ষমতা পেলেন মেয়ররা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ অক্টোবর ২০২৬ ১০:০৮ পিএম

ফ্রান্সে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে, কারফিউ জারির ক্ষমতা পেলেন মেয়ররা

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। চলমান বিক্ষোভ, দাঙ্গা ও লুটপাটের মধ্যে সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শহরের মেয়রদের আংশিকভাবে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।

প্রধানমন্ত্রী জানান, সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে। তবে এই অর্থের উৎস সম্পর্কে তিনি বলেন, ‘এই তহবিল সহিংসতার নেপথ্যে থাকা ব্যক্তিদের কাছ থেকেই আসবে।’

তিনি আরও বলেন, এমন একটি আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে সম্পদের ক্ষতিসাধনকারীদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নিশ্চিত করা যায়।

ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ তহবিল

দাঙ্গা ও লুটপাটের কারণে যেসব মানুষ কাজ হারিয়েছেন, তাঁদের সহায়তায় একটি ‘আংশিক বেকারত্ব তহবিল’ গঠনের ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে দ্রুত এই তহবিলের সহায়তা পেতে পারেন, তা নিশ্চিত করতে সরকার বীমা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মজীবী মানুষের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করা।

সহিংসতার দায় উগ্র-বামপন্থিদের ওপর

ফ্রান্সের চলমান বিক্ষোভ, দাঙ্গা, লুটপাটসহ সামগ্রিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য উগ্র-বামপন্থি গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।

তিনি জানান, এসব সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্যারিসে স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) অভিযান শুরু হবে। এ অভিযানে ২০০ কর্মকর্তা অংশ নেবেন। তাঁরা সহিংসতার বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ করবেন।

পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান ম্যাক্রোঁর

এদিকে, ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

তবে তাঁর পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সহিংসতা নিয়ন্ত্রণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দায়ীদের শনাক্ত করতে সরকারের এসব পদক্ষেপের মধ্য দিয়ে ফ্রান্সের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

সূত্র: বিবিসি

/এএসএফ