রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের ছয়টি ডিম্বাকৃতির ‘স্বর্ণের ডিম’ জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এসব বস্তুর প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাঁদের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা জানান, দুই যাত্রীর প্রত্যেকের রেক্টামে বা পায়ুপথে তিনটি করে ডিম্বাকৃতির সোনার পেস্টের বস্তু পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ছয়টি বস্তু।
আল-আমিন শেখ বলেন, জব্দ করা ছয়টি বস্তুর প্রাথমিক ওজন ২ দশমিক ৭৩৪ কেজি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের পেস্টের মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
/এসএন