দিল্লিতে বিক্ষোভের আগেই আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ ও ছাত্রনেত্রী নেহা
ভারতের দিল্লির কনট প্লেসে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ‘লেহরা দো তিরঙ্গা’ নামের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়।
যানজট ও নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ আগেই কর্মসূচিটি বাতিল করতে বলেছিল। এলাকায় ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে প্রযোজ্য নতুন আইনি বিধানের ১৬৩ ধারা জারি থাকার কথা জানিয়ে রাস্তা থেকেই অভিজিৎ দীপকেকে পুলিশ গাড়িতে তুলে নেয়।
অভিজিৎ দীপকে দাবি করেন, তিনি কোনো আইন ভাঙেননি। এ সময় তিনি পুলিশকে বিকল্প কোনো স্থানে কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, মান্ডি হাউস থেকে মিছিল শুরু করার সময় ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করা হয়।
যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি বাতিলের প্রতিবাদ
সম্প্রতি কেন্দ্রীয় সরকার দিল্লির যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে বাতিল ঘোষণা করে। এর প্রতিবাদে সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে ব্যারিকেড ভেঙে জাতীয় পতাকা ওড়ান। এ ঘটনার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার মুক্তির দাবি এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচির ডাক দেয় সিজেপি।
‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে অভিজিৎ দীপকে ও নেহা বোরার আটকের ঘটনা দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতিতে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
/এএসএফ