• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ এএম


সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদার জীবনীসহ ৩ বই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ অক্টোবর ২০২৬ ২:২০ পিএম

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক নির্দেশনায় অধীনস্থ সব দপ্তরপ্রধানকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন সব প্রতিষ্ঠানে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য লিখিত তাগিদ পাঠিয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা তিনটি বই হলো—প্রয়াত গবেষক ও সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। বই তিনটির সম্মিলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা।

নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, বইগুলোর প্রকাশক ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে জহির দীপ্তি গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেন। ওই আবেদনে বইগুলোকে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে সব মেডিকেল কলেজের লাইব্রেরিতে সেগুলো সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

আবেদনের চিঠিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত নিজের স্বাক্ষর, তারিখ ও সরকারি সিলমোহর দিয়ে ‘জোর সুপারিশ করা হলো’ লিখে স্বাস্থ্যসেবা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেন। পরে প্রতিমন্ত্রীর ওই অনুমোদনের ভিত্তিতেই স্বাস্থ্যসেবা বিভাগ অধীনস্থ দপ্তরপ্রধানদের নির্দেশনা দেয়।

প্রকাশনা সংস্থার পক্ষ থেকে আবেদনে দাবি করা হয়, চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত পেশাজীবী, নার্স, শিক্ষার্থী এবং সেবা নিতে আসা সচেতন নাগরিকদের জন্য বইগুলো পড়া সময়োপযোগী ও মূল্যবান অভিজ্ঞতা হবে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই ধরনের নির্দেশনা জারির পর তা বাতিলের প্রায় তিন মাসের মাথায় মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে নতুন এই নির্দেশনা এল।

এর আগে গত ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই তিনটি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর গত ৬ জুলাই নির্দেশনাটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক বই সরকারি খরচে শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিতে সংরক্ষণের নির্দেশ দেওয়ার নজির আগেও রয়েছে। ২০১৯ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার বাধ্যতামূলক নির্দেশ দিয়েছিল।

এ ছাড়া ২০১৪ সালেও এক আমলার লেখা শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনটি বই কেনার নির্দেশনা জারি করেছিল মাউশি।

/এসএন