গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় ইশরাকের অভিযান, আটক ৬
রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানসংক্রান্ত দুটি ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন ইশরাক হোসেন। ভিডিওতে তাঁর হাতে একটি পিস্তল দেখা যায়। তবে অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে। ভিডিও দেখে পিস্তলটি কী ধরনের অস্ত্র, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় তাঁর হাতে অস্ত্রটি থাকার কারণ বা সেটি ব্যবহারের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রকাশিত ভিডিওর একটিতে গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে বিক্রেতাদের পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়। অন্য ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
পরে ইশরাক হোসেনের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর শাস্তি আরও কঠোর হবে।
অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, “এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের স্থান আমার এই ঢাকা-৬ আসনে নাই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি। আর এই মাদক কারবারিদের কোনো টাইম আছে? এই এলাকায় যত বড় মাদক কারবারি হোক না কেন, তারা যে দলেরই হোক না কেন, যদি আমার দলের হয়, তাহলে তাদের শাস্তি আরও বড় হবে।”
‘মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে’
মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দা দিয়ে তথ্য সংগ্রহ করছি। যারা বাইরে থেকে এসে মাদক দিয়ে যায়, তাদের আটক করতে পারবে—এমন ব্যক্তিদের আমার মাথায় করে রাখব। আমার এই এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। সারা বাংলাদেশ অভিযান চলবে, বাংলাদেশে কোথাও মাদকের জায়গা হবে না।”
অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার জন্য হাতজোড় করলে তাঁদের আশ্বস্ত করেন ইশরাক হোসেন। তিনি বলেন, “তোমাদের গায়ে কেউ হাত দেবে না, তোমাদের কেউ কিছু করবে না। তোমরা থানায় যাবা, পুলিশ তোমাদের ব্যবস্থা নেবে। তোমাদের মারার জন্য আমরা আসি নাই। এই দেশ আইনের মাধ্যমে চলবে। তাদের বিচার হবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি হবে।”
আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডার পাওয়ার দাবি পুলিশের
এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের নিয়ে আসেন।
ওসি জানান, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকাতেও মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।
এদিকে, অভিযানের বিষয়ে বক্তব্য জানতে ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মাদক উদ্ধারের বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।
/এএসএফ