পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি এই নৌপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির বাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো দেশের জাহাজ চলাচলের অনুমতি থাকবে না। এই নির্দেশ অমান্য করে কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে বাহিনীটি।
একই সঙ্গে মার্কিন বাহিনীর সহায়তা বা নিরাপত্তার ওপর নির্ভর করে কোনো জাহাজ এই নৌপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলেও সেটিকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
সম্প্রতি হরমুজ প্রণালিতে পানির নিচে থাকা মাইনের আঘাতে একটি বড় তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর প্রকাশিত হয়। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
পরপর এসব হামলা ও বিস্ফোরণের ঘটনায় ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল আইআরজিসি।
বিশ্বের জ্বালানি বাণিজ্যে হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামেও এর প্রভাব পড়তে পারে।
/এসএন