জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের দিল্লির একটি আদালত। ২০১৮ সালের একটি মানহানি মামলায় তার বিরুদ্ধে জামিনযোগ্য এই পরোয়ানা জারি করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) আদালত এ নির্দেশ দেন।
দক্ষিণ-পূর্ব দিল্লির প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেট রাহুল জৈন পরোয়ানাটি জারি করেন। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩১ অক্টোবর। এ বিষয়ে বিস্তারিত আদেশের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বিকাশ সংস্কৃত্যায়ন নামের এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতে আদালত এ পদক্ষেপ নিয়েছেন। মামলাকারীর অভিযোগ, ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়েছিলেন।
সাধারণত জার্মানি বা অস্ট্রিয়ায় বসবাস করেন ধ্রুব রাঠি। তবে বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার এবং বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির বিরুদ্ধে আয়োজিত ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতে অবস্থান করছেন।
এর আগে গত ১২ অক্টোবর হরিয়ানার গুরগাঁওয়ে ধ্রুব রাঠির ঠিকানায় আদালতের সমন পাঠানো হয়েছিল। কিন্তু সেই সমন কার্যকর করা সম্ভব হয়নি। এ কারণে আদালত শুনানির তারিখ এগিয়ে এনে তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির পদক্ষেপ নেন।
/এসএন