পশ্চিমবঙ্গে পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু, আহত বহু
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলনের ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর এনডিটিভি ও রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটের দিকে কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের চোরবাগান পূজামণ্ডপের প্রবেশপথের পরিবর্তে বের হওয়ার গেটের কাছে এ পদদলনের ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় জমে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারদ্বত মুখার্জি এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান।
কলকাতা পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দলের সদস্য ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পূজামণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের একজনের ভাষ্য অনুযায়ী, মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার পথ ছিল বেশ সরু। দুর্ঘটনার সময় ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ করেন তিনি। তাঁর মেয়ে ও নাতনিও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওই প্রত্যক্ষদর্শী।
এদিকে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবিও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
দুর্গাপূজা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। তবে চোরবাগানের এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
/এএসএফ