• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম


জন্মহার বাড়াতে অবিবাহিত কর্মীদের জন্য ম্যাচমেকিং সেবা চালু করল সিঙ্গাপুর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ২:৪৬ পিএম

সিঙ্গাপুরে জন্মহার রেকর্ড পরিমাণে কমে যাওয়ার প্রেক্ষাপটে অবিবাহিত সরকারি কর্মীদের জন্য ‘ফার্স্টডেট’ নামে নতুন একটি ম্যাচমেকিং বা জীবনসঙ্গী খোঁজার সেবা চালু করা হয়েছে। দেশটির ইতিহাসে জন্মহার সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। খবর বিবিসির।

চলতি সপ্তাহে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবায় ২১ থেকে ৩৫ বছর বয়সী অবিবাহিত সরকারি কর্মীরা অংশ নিতে পারবেন। প্রচলিত ডেটিং অ্যাপের মতো একসঙ্গে অনেক মানুষের প্রোফাইল দেখার পরিবর্তে ‘ফার্স্টডেট’ অ্যাপ একবারে একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে ব্যবহারকারীর পরিচয় করিয়ে দেবে।

সেবাটিতে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের সিঙ্গাপুরের জাতীয় ডিজিটাল পরিচয় ব্যবস্থার মাধ্যমে নিবন্ধন করতে হবে। এরপর তাদের আগ্রহ, অভ্যাস ও মূল্যবোধসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে।

অংশগ্রহণকারীদের দেওয়া এসব তথ্য বিশ্লেষণ করে বিশেষ ‘গেল-শ্যাপলি স্টেবল ম্যারেজ’ অ্যালগরিদমের মাধ্যমে উপযুক্ত জুটি নির্বাচন করা হবে। অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারপ্রাপ্ত গণিতবিদ লয়েড শ্যাপলি এই অ্যালগরিদম আবিষ্কার করেছিলেন।

তবে সরকারি উদ্যোগ হিসেবে চালু করা এই ম্যাচমেকিং সেবা নিয়ে সিঙ্গাপুরের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে অস্বাভাবিক বা কৌতূহলোদ্দীপক উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকে পরীক্ষামূলকভাবে সেবাটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন।

অন্যদিকে সমালোচকদের কেউ কেউ বলছেন, শুধু সরকারি কর্মীদের জন্য এই সুবিধা সীমিত রাখা বৈষম্যমূলক। পাশাপাশি সেবাটিতে অংশগ্রহণের বয়সসীমা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সিঙ্গাপুরে জন্মহার কমে যাওয়ার সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। দেশটিতে প্রথমবারের মতো এক বছরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৩০ হাজারের নিচে নেমে গেছে। একই সময়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার ৫০০ জনে।

পরিবার গঠন ও সন্তান নেওয়ার ক্ষেত্রে নাগরিকদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী লরেন্স ওং ইতিমধ্যে বিভিন্ন সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে প্রতিটি সন্তানের ১৭ বছর বয়স পর্যন্ত প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার আর্থিক সহায়তাও রয়েছে।

এর আগে ১৯৮৪ সালেও অবিবাহিতদের মধ্যে মেলামেশার সুযোগ তৈরি করতে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট’ চালু করেছিল সিঙ্গাপুর সরকার। পরবর্তীতে সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়।

জন্মহার বাড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মতো জাপানের টোকিওতেও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটিং অ্যাপ চালুর নজির রয়েছে।

/এসএন