মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা আল মানসুরি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন।মরক্কোর রাজপ্রাসাদ জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে উদার-মধ্যপন্থি দল জয়ী হওয়ার পর ফাতিমা জাহরা আল মানসুরিকে নতুন সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৫০ বছর বয়সী এই নারী এর আগে দেশটির নগর–পরিকল্পনামন্ত্রী এবং মারাকেশ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে রাজার এক উপদেষ্টার উদ্যোগে ফাতিমা জাহরা আল মানসুরির দল ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) প্রতিষ্ঠিত হয়। সামাজিক আধুনিকায়ন ও ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নিয়ে দলটি প্রতিষ্ঠার পর থেকেই ইসলামপন্থি ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (পিজেডি)-এর বিপরীতে একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্রের দেশ। দেশটির প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরের ওপর রাজার ব্যাপক ক্ষমতা রয়েছে। সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সর্বাধিক আসনে জয়ী রাজনৈতিক দল থেকে রাজা সরকারপ্রধান নিয়োগ করেন।পেশায় আইনজীবী ফাতিমা জাহরা আল মানসুরি এখন রাজার অনুমোদনের জন্য মন্ত্রিসভার সদস্যদের তালিকা পেশ করবেন।ফাতিমা মানসুরি আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাজলা বুদেন।
তথ্যসূত্র: রয়টার্স
/বিএসএস