চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য অপসারণ করা উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। একই সঙ্গে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে তাকে লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা।শনিবার বেলা ২টার দিকে চুয়েট ক্যাম্পাসে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করে কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে শনিবার সকালে ক্যাম্পাসে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।নতুন উপাচার্য যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারেন, সে জন্য রাতেও পালা করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পাহারা দিয়েছেন আন্দোলনকারীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের গ্রাফিতি কর্মসূচি চলমান রয়েছে। তাদের একমাত্র দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় তারা হতাশ।শিক্ষার্থীরা বলেন, ‘আমরাও আমাদের ক্লাসে ফিরতে চাই। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের একাডেমিক জীবন ও ক্যারিয়ারকে প্রাধান্য দিয়ে ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।’আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে তারা গ্রাফিতি আঁকছেন। তাদের ভাষ্য, ‘সায়েম স্যারকে অন্যায়ভাবে ৫৬ দিনের মাথায় অপসারণ করা হয়েছে। উনি ভালো কাজ করছিলেন। অবশ্যই উনাকে সুযোগ দিতে হবে। উনার কাজগুলো করার পর্যাপ্ত সময় যেন উনি পান।’
/বিএসএস