• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ এএম


ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই, জাতিসংঘে চীনের স্পষ্ট বার্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ পিএম

ফিলিস্তিনের মানুষই নিজেদের দেশ পরিচালনা করবে বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ বার্তা দেন চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং।জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ বা নিরাপত্তা পরিষদের নিয়ম লঙ্ঘন করে একতরফাভাবে কোনো দেশের ওপর হামলা চালানো উচিত নয়। তার মতে, বিরোধ ও সংঘাত নিরসনে আলোচনার পথ অনুসরণ করাই সবচেয়ে কার্যকর। বড় দেশগুলো আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে চললেই বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তুলে ধরে হান ঝেং উপসাগরীয় দেশগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে বৈশ্বিক ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে পণ্য সরবরাহের চেইন সচল রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।ফিলিস্তিন ও গাজার ভবিষ্যৎ প্রসঙ্গে চীনের এই নেতা বলেন, ফিলিস্তিনের মানুষই নিজেদের দেশ পরিচালনা করবে। এই নীতির ভিত্তিতে পশ্চিম তীরের উন্নয়ন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন এগিয়ে নিতে হবে। তিনি বলেন, সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের পথ হলো যত দ্রুত সম্ভব দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে ফিরে যাওয়া।বিশ্বের অন্যান্য অঞ্চলের সংঘাত নিয়েও বক্তব্য দেন হান ঝেং। ইউক্রেনের যুদ্ধ বন্ধে চীন নিজস্ব উদ্যোগে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে কিউবার ওপর আরোপিত সব ধরনের অন্যায় নিষেধাজ্ঞা ও হুমকি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান চীনের উপ-রাষ্ট্রপতি।প্রযুক্তির প্রসঙ্গ তুলে ধরে হান ঝেং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তির ব্যবহার মানুষের কল্যাণে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ডিজিটাল ব্যবধান কমিয়ে সবার জন্য সমান সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/বিএসএস