• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম


নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অস্কারজয়ী অভিনেত্রীসহ গ্রেপ্তার শতাধিক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৪ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে তাঁর উপস্থিতির প্রতিবাদে জাতিসংঘ সদরদপ্তরের বাইরে বিক্ষোভ করেছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের পরিস্থিতির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে অস্কারজয়ী অভিনেত্রী সুজান সারেন্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবিন্ডারসহ অভিনেতা, রাজনীতিবিদ ও অন্য বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। রয়টার্সের হিসাবে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়, আর আল-জাজিরার প্রতিবেদনে পরে গ্রেপ্তারের সংখ্যা প্রায় ১০০ বলা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুজান সারেন্ডন, এমি বিজয়ী অভিনেত্রী হান্না আইনবিন্ডার, ডেমোক্রেটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে।বিক্ষোভটি আয়োজন করে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার ইহুদি কর্মী সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’। প্রায় ২০০ বিক্ষোভকারী একই ধরনের সাদা টি-শার্ট পরে জাতিসংঘের বাইরে জড়ো হন। এসব টি-শার্টে ‘মানুষের পেছনে অর্থ ব্যয় করুন, বোমায় নয়’, ‘যুদ্ধ চাই না’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো স্লোগান লেখা ছিল।বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। পরে পুলিশ লাউডস্পিকারে তাঁদের সরে যেতে নির্দেশ দেয়। যারা সড়ক থেকে সরে না গিয়ে ফুটপাতে বসে অবস্থান অব্যাহত রাখেন, পুলিশ তাঁদের ঘিরে ফেলে এবং পরে পুলিশ বাসে তুলে নিয়ে যায়।বিক্ষোভে অংশ নেওয়া ইরানি ও ইহুদি বংশোদ্ভূত ৫০ বছর বয়সী বিশ্ববিদ্যালয় অধ্যাপক মানিজেহ মোরাদিয়ান বলেন, গাজায় যা করা হচ্ছে এবং একটি পুরো সমাজকে ধ্বংসস্তূপে পরিণত করার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কথা বলা তাঁদের নৈতিক দায়িত্ব। তাঁর ভাষ্য, জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে এসব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার কোনো অধিকার নেতানিয়াহুর নেই।এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে বক্তব্য দেন। তাঁর বক্তব্যের সময় বেশ কয়েকটি প্রতিনিধি দল অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায়। আল-জাজিরা জানিয়েছে, নেতানিয়াহু আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েলের অবস্থান তুলে ধরতে জাতিসংঘের মঞ্চ ব্যবহার করেন।জাতিসংঘের বাইরে একই সময়ে আরও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির সিঁড়িতেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা জড়ো হন। তাঁদের হাতে ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ছিল।নেতানিয়াহুর জাতিসংঘ সফরকে ঘিরে নিউইয়র্কে নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিবাদ—দুই দিকেই ব্যাপক তৎপরতা দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অভিনেতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের গ্রেপ্তারের ঘটনাটি এ কর্মসূচিকে বিশেষভাবে আলোচনায় এনেছে।

/বিএসএস