ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র প্রতিদিনই নতুন করে সামনে আসছে। এবার গাজার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ২১ ফিলিস্তিনির কঙ্কালসার দেহাবশেষ উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।
শনিবার গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, পূর্ব গাজা সিটির ‘আসকুলা’ এলাকায় একটি বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। একই সময়ে পশ্চিম গাজার ‘কাতিবা’ এলাকার আরেকটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও ৯ জনের দেহাবশেষ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় উদ্ধার করা মরদেহগুলো কঙ্কালে পরিণত হয়েছে। তবে এসব ব্যক্তি ঠিক কবে হামলার শিকার হয়েছিলেন, সে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে, ২১ জনের দেহাবশেষ উদ্ধারের পাশাপাশি গাজার আরেকটি এলাকায় আরও ভয়াবহ পরিস্থিতির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সিভিল ডিফেন্স।
মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার জেইতুন এলাকায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে অন্তত ৪০ জনের মরদেহ দীর্ঘদিন ধরে চাপা পড়ে আছে বলে তারা নির্ভরযোগ্য তথ্য পেয়েছেন।
এই তথ্যের ভিত্তিতে জেইতুন এলাকাতেও ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের কর্মীরা।
গাজায় দীর্ঘদিন ধরে চলা সংঘাত ও ধারাবাহিক হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/এএসএফ