• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম


শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৭, বন্ধ সব স্কুল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৯:০১ এএম

প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতির অবনতির কারণে দেশটির মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকার সব স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টানা ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার পার্বত্য চা উৎপাদনকারী অঞ্চল। গত নভেম্বরে ঘূর্ণিঝড় দিতওয়াহ–এর ভয়াবহ ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার আগেই নতুন এই দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকাটি। ওই ঘূর্ণিঝড়ে প্রায় ৬৪০ জন নিহত হন এবং প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, মধ্যাঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার পানিতে ডুবে আরও দুজন প্রাণ হারিয়েছেন।

তিনি আরও জানান, ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জলমগ্ন সড়ক অতিক্রম করে উদ্ধারকর্মীরা আটকে পড়া পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

শ্রীলঙ্কার নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলাসহ মধ্যাঞ্চলের পার্বত্য এলাকাগুলো বর্ষা মৌসুমে দীর্ঘদিন ধরেই ভূমিধসপ্রবণ হিসেবে পরিচিত। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এসব এলাকায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর স্কুল কবে পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সূত্র: আল জাজিরা

/এএসএফ