• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম


গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত কঠোর নিরাপত্তা, দায়িত্বে ৫ প্লাটুন বিজিবি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৩:৩৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার।

তিনি জানান, বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গোপালগঞ্জে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

এদিকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

/এসএন