• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম


পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৯:১২ এএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁর পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি পদত্যাগ করবেন না এবং দায়িত্বে থেকে কাজ চালিয়ে যাবেন।

নিজ প্রশাসনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পেজেশকিয়ান। সাক্ষাৎকারটির কিছু অংশ মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশ করে।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, তাঁর প্রশাসন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে।

তিনি বলেন, “আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণরূপে সমন্বিত।”

পদত্যাগ নিয়ে চলমান জল্পনা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, “আমি যদি কখনো পদত্যাগ করার সিদ্ধান্ত নিই, তাহলে আমি নিজেই তা ঘোষণা করব। কিন্তু আমি পদত্যাগ করব না এবং আমার দায়িত্বে অটল থাকব।”

এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল তাঁর প্রশাসন এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনেইর মধ্যে মতপার্থক্যের ধারণা তৈরির চেষ্টা করছে।

সম্প্রতি ইরানের রাজনৈতিক অঙ্গনে প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এর আগেই প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য ও যোগাযোগবিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ মাহদি তাবাতাবাই এসব প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘নির্জলা মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন।

তিনি অভিযোগ করেন, জাতীয় ঐক্য দুর্বল করা এবং ইরানের শত্রুদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজনৈতিক চরমপন্থীরা ইচ্ছাকৃতভাবে এসব গুজব ছড়াচ্ছে।

সূত্র: মেহের নিউজ

/এএসএফ