• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম


গাজা চুক্তির দ্বিতীয় ধাপ নির্ভর করছে ইসরাইলের প্রতিশ্রুতির ওপর: হামাস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ জুলাই ২০২৬ ১০:৩১ পিএম

প্রথম ধাপ বাস্তবায়ন ছাড়া দ্বিতীয় ধাপে যাবে না হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রথম ধাপের প্রতি ইসরাইলের পূর্ণ অঙ্গীকার ও বাস্তবায়নের ওপর। এর মধ্যে গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং সব ধরনের সামরিক অভিযান বন্ধ করাকে প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন এবং তা কার্যকর করার একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের জন্য ইসরাইলকে প্রথমেই হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে।

হামাসের ভাষ্য, এ প্রতিশ্রুতিই দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার প্রধান ও অপরিহার্য পূর্বশর্ত।

এ ছাড়া চুক্তির পরবর্তী ধাপ এগিয়ে নিতে আরও কয়েকটি শর্ত তুলে ধরেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে গাজা পরিচালনার জন্য একটি জাতীয় প্রশাসনিক কমিটি গঠন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং ইসরাইল-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে বিলুপ্ত করা।

হামাস বলেছে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলেই কেবল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্ব কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সূত্র: আল-জাজিরা