ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনফ্লুয়েন্সার হিসেবে ভালো করছেন বলে মন্তব্য করেছেন দেশটির ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। তার মতে, এ কারণে মোদির প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে ইনফ্লুয়েন্সার হিসেবেই কাজ করা উচিত।
বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুবসমাজকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিওগুলোর সমালোচনা করে অভিজিৎ দীপকে বলেন, ‘আমি মনে করি তার ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি এতে বেশ ভালোই করছেন।’
তিনি আরও বলেন, ‘তিনি যদি এত ভালো ইনফ্লুয়েন্সারই হন, তাহলে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত এবং অন্য কাউকে এ কাজ করতে দেওয়া উচিত।’
এর আগে, গত মঙ্গলবার নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম ভিডিও নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন ভারতের কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, নতুন নতুন ক্যামেরার অ্যাঙ্গেল থেকে ভিডিও করলেই জেন-জি প্রজন্মের ভোট পাওয়া যাবে না।
এ সময় প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন, প্রধানমন্ত্রীকে ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তনের বদলে নিজের হৃদয়ের অ্যাঙ্গেল পরিবর্তন করতে হবে।
/এসএন