• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম


ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করা অপরাধ নয়—জার্মান আদালতের রায়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম

ইসরায়েলকে নাৎসি শাসনব্যবস্থার সঙ্গে তুলনা করাকে অপরাধ হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছে জার্মানির একটি উচ্চতর আঞ্চলিক আদালত। বাকস্বাধীনতার অধিকারকে গুরুত্ব দিয়ে আদালত এ সংক্রান্ত মামলায় এক নারীকে সব অভিযোগ থেকে খালাস দিয়েছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে আইনবিষয়ক ওয়েবসাইট বেক অনলাইনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত নারী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি পোস্টে ইসরায়েলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনামলের সঙ্গে তুলনা করেছিলেন। ওই পোস্টগুলোতে তিনি নাৎসিদের ব্যবহৃত স্বস্তিকা চিহ্ন এবং নাৎসি পার্টির পতাকার ছবিও ব্যবহার করেন।

চলতি সপ্তাহের শুরুতে জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাইব্রুকেনের উচ্চতর আঞ্চলিক আদালত মামলার শুনানি শেষে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, এ ক্ষেত্রে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগ প্রযোজ্য নয়। কারণ, অভিযুক্ত ব্যক্তি নাৎসি মতাদর্শ প্রচারের উদ্দেশ্যে এসব প্রতীক ব্যবহার করেননি; বরং ইসরায়েল রাষ্ট্রের কর্মকাণ্ডের সমালোচনা করতেই সেগুলো ব্যবহার করেছেন।

মামলার নথি অনুযায়ী, ওই নারী একটি ইনস্টাগ্রাম স্টোরিতে এমন একটি ছবি প্রকাশ করেছিলেন, যেখানে নাৎসিদের অপরাধের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতে ইসরায়েলের কর্মকাণ্ডের তুলনা করা হয়। ছবির এক পাশে ছিল ইসরায়েলের পতাকা এবং অন্য পাশে স্বস্তিকা চিহ্নসংবলিত নাৎসি পার্টির পতাকার অংশ।

আরেকটি পোস্টে একটি দেয়ালচিত্র দেখানো হয়, যেখানে ডেভিড তারকার ভেতরে স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল। একই ছবিতে দেয়ালের ওপর থেকে সৈন্যদের গুলি চালানোর দৃশ্য এবং নিচে রক্ত প্রবাহের প্রতীকী চিত্রও ছিল। ওই পোস্টে #FreePalestine এবং #GazaUnderAttack হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল।

এর আগে লুদভিগসহাফেন শহরের একটি নিম্ন আদালত অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো জরিমানা করেছিল। তবে আপিলের পর জাইব্রুকেনের উচ্চতর আঞ্চলিক আদালত সেই রায় বাতিল করে তাকে খালাস দেন।

আদালতের এ সিদ্ধান্তকে জার্মানিতে মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সমালোচনার সীমা নিয়ে চলমান বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু

/এএসএফ