গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহশিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) আকস্মিক পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া।
জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার সকালে জেলা প্রশাসক কাশিমপুর ও সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন নাগরিক বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট তহশিলদারকে সতর্ক করা হয়। তবে ওই অফিসে কাউকে বরখাস্ত করা হয়নি।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, প্রচারিত তথ্যটি সঠিক নয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেবল কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। জেলার অন্য কোনো ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
/এএসএফ