মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে বাংলাদেশের গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে গ্যাস সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছিলেন। মঙ্গলবার মালয়েশিয়ায় চিঠিটি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। চিঠিতে বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, তা কমাতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।
ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাঁর দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, তা দ্রুত জানানো হবে বলেও তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
মালয়েশিয়ার এই আশ্বাসের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তাৎক্ষণিকভাবে সংকট সমাধানের কোনো সুযোগ রয়েছে কি না, মালয়েশিয়া তা জানাবে। তিনি বলেন, তাৎক্ষণিক সমাধানের সুযোগ থাকলে সেটি অবশ্যই স্বস্তির বিষয় হবে। আর তা সম্ভব না হলে কোন পদ্ধতিতে বা কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে মালয়েশিয়া তাদের অবস্থান জানাবে।
প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সুযোগ নিয়ে বাংলাদেশ আগে থেকেই কাজ করছে। তিনি বলেন, এলএনজি সরবরাহের পাশাপাশি অভিজ্ঞতা ও পরামর্শ দেওয়া কিংবা সম্পদ ভাগাভাগির মাধ্যমেও মালয়েশিয়া বাংলাদেশকে সহযোগিতা করতে পারে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।