ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে ওই হামলায় বিস্ফোরণের ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এ বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন আরাগচি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে আহত নাবিকদের সহায়তায় এগিয়ে আসায় আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্বাস আরাগচি।
বিবৃতিতে আরও বলা হয়, কিয়েভের এমন পদক্ষেপ বন্ধ হওয়া প্রয়োজন বলে জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও ল্যাভরভকে অবহিত করেন তিনি।
সূত্র: রয়টার্স
/এএসএফ