আবার হামলা হলে যুদ্ধের পরিধি বাড়বে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
ইরানের ওপর যুক্তরাষ্ট্র আবারও হামলা শুরু করলে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী।
রোববার (২৬ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও ‘ইহুদিবাদীদের’ (ইসরায়েল) প্ররোচনায় পড়ে বা তাদের নির্দেশিত পথে যুদ্ধ চালিয়ে যেতে চায়, বিশেষ করে বিমান হামলার মাধ্যমে, তাহলে সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বাড়বে।
এমন সময় এই মন্তব্য এলো, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া তিনি ইসরায়েলপন্থি সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও অংশ নেবেন।
এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি দাবি করেছেন, হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন এবং ইরানকে দুর্বল করার মিশনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল এবং অনাকাঙ্ক্ষিত।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের জন্য নতুন কৌশল খুঁজছে। একই সঙ্গে তার ভাষ্য, যুক্তরাষ্ট্র চাইলে নিজের ইচ্ছামতো এই যুদ্ধ থেকে বের হতে পারবে না; এ ক্ষেত্রে তাদের ‘ইহুদিবাদীদের’ অনুমতির প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আলজাজিরা
/এএসএফ