• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ এএম


বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৫:৫০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের পাশাপাশি বিশ্বজুড়ে একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে ভারত।রোববার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানিতে ভারতের ধারাবাহিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।ভাষণে মোদি বলেন, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তির ক্ষেত্রে ভারত ধারাবাহিকভাবে নতুন নতুন সাফল্য অর্জন করছে। চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়া সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, সেখানে ব্রহ্মোস ও অস্ত্র ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তার ভাষায়, এই চুক্তি আন্তর্জাতিক পরিসরে ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন।এ ছাড়া প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-এর মাধ্যমে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট এবং কুশা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব সাফল্যের পেছনে দেশীয় বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন তিনি।

প্রতিরক্ষা খাতের পাশাপাশি মহাকাশ ও বিজ্ঞান গবেষণায় ভারতের অগ্রগতির কথাও উল্লেখ করেন মোদি। সম্প্রতি বেসরকারি উদ্যোগে নির্মিত ভারতের প্রথম রকেট ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণকে তিনি দেশের তরুণ প্রজন্ম ও উদ্ভাবকদের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন।আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে ভারতীয় শিক্ষার্থীদের সাফল্যের প্রসঙ্গ টেনে মোদি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বমঞ্চে নিজেদের শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে।

সূত্র: দ্য হিন্দু

/বিএসএস