প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা শিক্ষার্থী আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট সামাজিক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সাফল্যের মূল কৃতিত্ব দেশের শিক্ষার্থীদের সাহস, অহিংস আন্দোলন এবং সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের।
লাদাখের এই আন্দোলনকারী লেখেন, ‘এটি গণতন্ত্রের স্পষ্ট জয়, একেবারে রাজপথ থেকে উঠে আসা সরাসরি এক গণতন্ত্রের বিজয়।’
তিনি আন্দোলনকে অহিংস লড়াই, অদম্য ধৈর্য ও অধ্যবসায়ের সাফল্য হিসেবে উল্লেখ করে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি), তরুণ জেন-জি প্রজন্ম এবং দেশের বিভিন্ন প্রান্তের অংশগ্রহণকারী নাগরিকদের অভিনন্দন জানান।
সোনম ওয়াংচুক আরও লেখেন, ‘সিজেপি ও ভারতের অদম্য জেন-জি প্রজন্মকে আমার আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে বুক থেকে ভয় ও আতঙ্ক ঝেড়ে ফেলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের সর্বস্তরের নাগরিককে ধন্যবাদ।’
সম্প্রতি রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে টানা ২৬ দিনের অনশন কর্মসূচি পালন করেন সোনম ওয়াংচুক। সেই কর্মসূচি শেষ হওয়ার পরই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর সামনে আসে।
/এএসএফ