• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম


কলকাতায় আন্দোলনকারীদের চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ৮:২০ পিএম

কয়েকদিন ধরে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)–এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৪ জুলাই) কলকাতার ধর্মতলায় বামপন্থি ছাত্র সংগঠন ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে অনুষ্ঠিত এক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, মিছিল থেকে দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে পানির বোতল ও জুতা ছোড়া হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হামলায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে।বিধানসভায় তিনি বলেন, মিছিল থেকেই সাংবাদিকদের লক্ষ্য করে বোতল ও জুতা নিক্ষেপ করা হয়েছে।

তিনি আহত সাংবাদিকদের সঙ্গে নিজে সাক্ষাৎ করেছেন বলেও জানান। মুখ্যমন্ত্রীর ভাষ্য, ‘ইউনাইটেড ককরোচ মার্চ’ নামে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। স্বঘোষিত ককরোচ পার্টির দেবদত্ত গঙ্গোপাধ্যায় এবং বামপন্থিদের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয়। সরকার আগে থেকেই নির্দেশ দিয়েছিল, মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত কোনো ধরনের বলপ্রয়োগ করা যাবে না।তিনি আরও দাবি করেন, ককরোচ জনতা পার্টি নিজেদের ছাত্র সংগঠন হিসেবে পরিচয় দিলেও তাদের কোনো বৈধ ছাত্র সংগঠন আছে বলে সরকারের জানা নেই।

কলকাতা পুলিশের সংযমের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, শুরু থেকেই পুলিশকে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছিল এবং প্ররোচনা সত্ত্বেও বলপ্রয়োগ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। তার অভিযোগ, খিদিরপুর, রাজাবাজার, বেলগাছিয়া ও রাজারহাট থেকে লোক এনে ডোরিনা ক্রসিংয়ে পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে বোতল ও জুতা ছোড়া হয়েছে।তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং মামলাগুলোতে রাজ্য বিধানসভায় পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে।

পুলিশের তদন্তে এখন পর্যন্ত ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, যারা সাধারণ ছাত্র বা নিট আন্দোলনের অংশ নন বলে দাবি করেন তিনি।বিধানসভায় অভিযুক্তদের নামও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, আফরোজ, নাহিদ, তনভির, রাহুল ও জামালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।মুখ্যমন্ত্রী আরও জানান, হামলায় আহত ছয়জন সাংবাদিক বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কাছ থেকে লিখিত অভিযোগও গ্রহণ করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই মামলাগুলোর তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

/বিএসএস