• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ এএম


প্রশ্নফাঁস বিতর্কে নিয়ে সুর বদলালেন সালমান খান, আন্দোলনকারীদের বাড়ি ফেরার আহ্বান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৯:৩৮ পিএম

ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছেন বলিউড অভিনেতা সালমান খান। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে এবার শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা। একই সঙ্গে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সালমান খান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তা এবং দেশের ভবিষ্যতের স্বার্থে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর ব্যবস্থা নেবেন। এ কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়িতে ফিরে গিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন সালমান খান। ওই পোস্টে তিনি প্রশ্নফাঁসকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় সংকট হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনের সফলতার কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য।

সালমান আরও বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে যেভাবে প্রতিবাদ করছে, তা প্রশংসার দাবি রাখে। নিজের ভবিষ্যৎ রক্ষার পাশাপাশি একটি উন্নত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে তাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন।

তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনা ঘটায় দুঃখও প্রকাশ করেছেন এই অভিনেতা। আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার একটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সালমান খানের আগে বলিউডের আরও কয়েকজন তারকা এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বও প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

/এসএন