প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলমান ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস, দৃঢ়তা এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থার দাবির প্রশংসা করেন।
পোস্টে আলিয়া লেখেন, গত কয়েকটি দিন তাকে একই সঙ্গে ব্যথিত এবং আশাবাদী করেছে। তার ভাষ্য, নিজেদের দাবিতে অনড় প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাদের পাশে থাকা অসংখ্য মানুষের কণ্ঠস্বরও বহন করছে। একই সঙ্গে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পথ তৈরি করছে।
আলিয়া ভাটের মতে, জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করছে। তিনি আরও লেখেন, আন্দোলনকারীদের সাহস তাকে বিনম্র করে এবং তাদের দৃঢ়তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে—যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি?
পোস্টের শেষাংশে তিনি বলেন, এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীদের দ্বারাই পরিচালিত। ভবিষ্যৎ তাদেরই।
/এএসএফ