• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম


মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, একজনকে বাঁচাতে নেমে নদীতে প্রাণ গেল পাঁচজনের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৫:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সায়োটো নদীতে মাছ ধরতে গিয়ে একজনকে উদ্ধার করতে নেমে একের পর এক পাঁচ প্রাপ্তবয়স্কের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণ আগে নদীতে দাঁড়িয়ে থাকা দলটির একটি ছবি তুলেছিলেন এক নৌযাত্রী। পরে জানা যায়, সেটিই সম্ভবত তাদের জীবিত অবস্থার শেষ ছবি।

রোববার ওহাইওর পাউয়েল এলাকার সায়োটো নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ প্রাপ্তবয়স্ক ও দুই শিশু নদীর তীরে সময় কাটাচ্ছিলেন। একপর্যায়ে একজন পানিতে বিপদে পড়লে তাকে উদ্ধার করতে অন্যরা একে একে নদীতে নামেন। কিন্তু শেষ পর্যন্ত পাঁচজনই তলিয়ে যান।

উদ্ধারকারীরা ঘটনাদিন দুই নারীর মরদেহ উদ্ধার করেন। পরদিন নদী থেকে আরও তিন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার আগে স্থানীয় ব্যাপ্টিস্ট পাদ্রি ও নিয়মিত নৌচালক মার্কাস এল. মার্টিন নদীপথে যাওয়ার সময় দলটিকে কোমরসমান পানিতে মাছ ধরতে দেখেন। নদীর ওই অংশটি হঠাৎ গভীর হয়ে যাওয়ায় বিপজ্জনক বলে তিনি জানতেন। ফেরার পথে তাদের একই স্থানে দেখে তিনি একটি ছবি তোলেন। পরে দুর্ঘটনার খবর জানার পর তার ধারণা হয়, সেটিই হয়তো তাদের জীবনের শেষ ছবি।

অ্যাসোসিয়েটেড প্রেসকে মার্টিন জানান, তিনি তাদের সতর্ক করার কথা ভেবেছিলেন। তবে মাঝখানে একাধিক নৌযান থাকায় ঢেউ সৃষ্টি হতে পারে—এই আশঙ্কায় আর এগিয়ে যাননি। পরে দুর্ঘটনার কথা জানার পর তিনি গভীরভাবে মর্মাহত হন।

ডেলাওয়্যার কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একজনকে উদ্ধার করতে গিয়ে ধারাবাহিকভাবে অন্যরাও বিপদে পড়েন এবং শেষ পর্যন্ত সবাই ডুবে মারা যান। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

হন্ডুরাস সরকার নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে চারজন দেশটির নাগরিক। তাদের মধ্যে ৩৩ বছর বয়সী হোসে মারিও পিনেদা দিয়াস এবং তার ২৮ বছর বয়সী স্ত্রী মারিনা সুয়াপা রেগালাদোর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি নিহতদের পরিচয় পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো শেষে প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

/এএসএফ