বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদল তুরস্কের অন্যতম প্রধান প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি (MKE)-এর গাজী ফায়ারিং ফ্যাক্টরি পরিদর্শন করেছেন।
সফরকালে সেনাপ্রধান ও প্রতিনিধিদলের সদস্যরা কারখানার উৎপাদন কার্যক্রম, আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ তৈরির প্রযুক্তিগত প্রক্রিয়া ঘুরে দেখেন। এ সময় এমকেই-এর মহাব্যবস্থাপক ইলহামি কেলেশ বাংলাদেশি প্রতিনিধিদলকে প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত ব্রিফিং দেন।
উচ্চপর্যায়ের এ বৈঠকে গোলাবারুদ সরবরাহ, উন্নত প্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন কর্মসূচি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে ইতোমধ্যেই তুরস্কে নির্মিত MKE BORAN ১০৫ মিলিমিটার এয়ারবোর্ন লাইট হাউইটজার আর্টিলারি সিস্টেম যুক্ত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা এখন শুধু অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তি হস্তান্তর, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি শিল্প ও বাণিজ্যিক অংশীদারত্বের দিকেও দুই দেশ গুরুত্ব দিচ্ছে।
/এএসএফ