ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন শহরে শিক্ষা সংকট, প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম, বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ করছেন হাজারো শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ব্যানারে আয়োজিত এই আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীরা শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ের একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগে অনিয়মের কারণে লাখো তরুণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এসব ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করছেন তারা।
সংসদের বর্ষাকালীন অধিবেশনকে কেন্দ্র করে আন্দোলনকারীরা ‘চলো সংসদ’ কর্মসূচি পালন করেন। এ সময় তারা মিছিল নিয়ে সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লির বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাময়িকভাবে কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবাও স্থগিত করা হয়েছে। আন্দোলনের প্রতি সংহতি জানাতে এসে পুলিশের হাতে কয়েকজন বিরোধী নেতা আটকের খবরও প্রকাশিত হয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, এটি শুধু একজন মন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় কার্যকর সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম ও বেকারত্বের মতো ইস্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
/এএসএফ