সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘আকিয়া’ নামের অত্যাধুনিক টর্পেডোর সফল লাইভ-ফায়ার পরীক্ষা সম্পন্ন করেছে তুরস্ক। পরীক্ষায় টর্পেডোটি লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত একটি জাহাজে সরাসরি আঘাত হেনে সেটিকে ধ্বংস করে।
বুধবার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’ (NSosyal)-এ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ‘দেনিজকুরদু-২ ২০২৬’ শীর্ষক নৌ মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা পরিচালিত হয়। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রকেটসানের তৈরি ‘আকিয়া’ টর্পেডোটি তুর্কি নৌবাহিনীর ‘টিসিজি সাকারিয়া’ সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, টর্পেডোটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে নির্ধারিত পরীক্ষার উদ্দেশ্য পূরণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ সফলতা দেশটির নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতা ও অগ্রগতির গুরুত্বপূর্ণ প্রমাণ।
সামরিক বিশ্লেষকদের মতে, এই সফল পরীক্ষার মাধ্যমে তুরস্কের নৌ-সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে এবং নিজস্ব প্রযুক্তিতে উন্নত সমরাস্ত্র তৈরিতে দেশটির অগ্রগতিও আরও স্পষ্ট হয়েছে।
/এএসএফ