• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ এএম


নিহত সেনাদের লাশ গ্রহণই প্রেসিডেন্ট হিসেবেসবচেয়ে কঠিন দায়িত্ব: ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ১১:৩৫ পিএম

ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাদের লাশ গ্রহণের অনুষ্ঠানকে প্রেসিডেন্ট হিসেবে নিজের অন্যতম কঠিন দায়িত্ব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, দেশের জন্য জীবন উৎসর্গ করা সেনাদের প্রতি সম্মান জানানো তার দায়িত্ব হলেও মানসিকভাবে এটি অত্যন্ত কঠিন।সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) নিহত সেনাদের লাশ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ডেলাওয়ারের ডোভার বিমানঘাঁটির উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ সময় তিনি বলেন, “আমরা আমাদের বীরদের সম্মান জানাই। তারা সত্যিকারের বীর। তারা সবাই বিশ্বাস করতেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।”ট্রাম্প আরও বলেন, “প্রেসিডেন্ট হিসেবে এটি আমার জন্য সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটি। কিন্তু এই দায়িত্ব পালন করতেই হয়।”

ডোভার বিমানঘাঁটিতে নিহত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে কী বলবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি শুধু বলব, আমরা আপনাদের ভালোবাসি। আমরা আপনাদের সন্তানকে ভালোবাসি। তাদের কাছে তারা শুধু একজন সেনা নন, তারা তাদের সন্তান। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।”সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা চার সেনার মধ্যে তিনজন জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় নিহত হন।

অপর একজন উত্তর ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণে প্রাণ হারান।সেনাদের মৃত্যুর নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, ঘটনাগুলোর তদন্ত চলছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানকে এর “বড় মূল্য” দিতে হবে।তার ভাষায়, “ইরান এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

সূত্র: সিএনএন

/বিএসএস