• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ এএম


যন্তর মন্তরে শিক্ষার্থীদের পাশে প্রকাশ রাজ, বললেন ‘আমাদের দেশের তরুণেরা শুধু প্রশ্ন করছে’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ৪:০৩ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “আজ রাতে আমি আপনাদের সঙ্গেই আছি। সামনে কী হয়, আমরা দেখব।”

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে সোমবার সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে ছাত্র ও তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি। তবে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে দিল্লি পুলিশ আন্দোলনকারীদের সংসদের দিকে অগ্রসর হতে দেয়নি।

দীর্ঘদিন ধরে আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা দিল্লির যন্তর মন্তরে একে একে সংহতি জানাতে উপস্থিত হন অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজ, অভিনেত্রী পুনম পান্ডেসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।

এই আন্দোলনের অন্যতম মুখ পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি অনির্দিষ্টকালের অনশন শুরু করেন, যা আন্দোলনকে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং স্বচ্ছতার অভাব লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। এসব দাবিতে তারা গত ৬ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

পরবর্তীতে গত ২৮ জুন অনির্দিষ্টকালের অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। তার শারীরিক অবস্থার অবনতি হলে আদালতের নির্দেশে ১৯ জুলাই তাকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে।

আন্দোলনে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি ভিডিও প্রকাশ করেন প্রকাশ রাজ। সেখানে তিনি লেখেন, “আমাদের দেশের তরুণেরা শুধু প্রশ্ন করছে।” ভিডিওতে তার পেছনে আন্দোলনকারীদের স্লোগান দিতে দেখা যায়।

এর আগে অভিনেত্রী পুনম পান্ডেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় ইস্যু নয়; বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।

/এসএন