• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম


ফিলিস্তিনিদের জন্য আরও ১ কোটি ৩০ লাখ ডলার সহায়তা দেবে নরওয়ে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ পিএম

যুদ্ধবিধ্বস্ত ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জনসেবামূলক খাতের বাজেট সহায়তা হিসেবে অতিরিক্ত ১২ কোটি ৫০ লাখ নরওয়েজিয়ান ক্রাউন দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে সরকার। এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রয়টার্সের বরাতে নরওয়ে সরকারের পক্ষ থেকে নতুন এই সহায়তার ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য এই অর্থ সহায়তা দেওয়া হবে।নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তা বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। একই বিবৃতিতে তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনেরও তীব্র সমালোচনা করেন।২০২৪ সালে নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। বর্তমানে দেশটি ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করছে।নরওয়ে জানিয়েছে, চলতি বছর ফিলিস্তিনের জনগণের জন্য দেশটি সব মিলিয়ে প্রায় ১ বিলিয়ন নরওয়েজিয়ান ক্রাউন সহায়তা দিচ্ছে। নতুন ঘোষিত ১২ কোটি ৫০ লাখ ক্রাউনের সহায়তাও এর অংশ হিসেবে ফিলিস্তিনের জনসেবামূলক খাতের বাজেট সহায়তায় ব্যবহৃত হবে।

/বিএসএস