• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম


যমুনায় গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুন ২০২৬ ১০:৩৪ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ প্রায় ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে ওসমান গনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যমুনা নদীতে গোসল করতে নামে দুই শিশু। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোতের কারণে অভিযান পরিচালনায় বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।

দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টার দিকে প্রথমে ইস্রাফিলের মরদেহ উদ্ধার করা হয়। পরে একই এলাকা থেকে ওসমান গনির মরদেহও উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহিদুল ইসলাম বলেন, “নদীতে স্রোত অনেক বেশি থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে বেশ কষ্ট হয়েছে। তবে দীর্ঘ প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো রাধানগর গ্রাম।

/এএসএফ