• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম


দক্ষিণ লেবাননে ‘যতদিন প্রয়োজন’ সেনা থাকবে, জানালেন নেতা’নিয়া’হু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ১০:১৪ পিএম

দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এ তথ্য জানিয়েছে দ্য ডন।

রোববার (২২ জুন) দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাসহ সব ইসরাইলি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে সেনা মোতায়েন অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত থেকে ইসরাইলকে কেউ সরাতে পারবে না।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, লেবাননে সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় ইসরাইলি বাহিনীর কার্যক্রমের ওপর কোনো ধরনের বিধিনিষেধ নেই। তার দাবি, নিরাপত্তা অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ইসরাইলি সেনারা এখনও অবস্থান করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা স্বাধীন।

এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পরদিন শনিবার ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, ইসরাইল যদি যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে তারাও তা অনুসরণ করবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

অন্যদিকে দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির বলেন, চলমান সংঘর্ষে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং বর্তমানে সংগঠনটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।

তিনি আরও দাবি করেন, হিজবুল্লাহকে পুনর্গঠনের সুযোগ না দিতে এবং প্রয়োজন হলে নতুন করে অভিযান চালানোর জন্য ইসরাইল প্রস্তুত রয়েছে।

/এসএন