• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ এএম


যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত অন্তত ১১

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুন ২০২৬ ১০:৪১ এএম

নতুন যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ধারাবাহিক বিমান, ড্রোন ও কামান হামলায় কয়েকজন নিহত হয়েছেন।লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ইসরাইলি যুদ্ধবিমান, ড্রোন এবং কামানের গোলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

হামলার লক্ষ্যবস্তু ছিল এক ডজনেরও বেশি এলাকা, যার অধিকাংশই দক্ষিণাঞ্চলের নাবাতিহ শহরের আশপাশে অবস্থিত।ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে তাদের অবস্থানের ওপর হিজবুল্লাহ ৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযানের সমালোচনা করেছে ওয়াশিংটন। গত মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei-কে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালায়। এরপর থেকেই লেবানন কার্যত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের প্রভাবের মধ্যে পড়ে।এদিকে যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছে, লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকলে তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি চুক্তির বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।অন্তর্বর্তী ওই চুক্তিতে লেবাননসহ ‘সব ফ্রন্টে’ যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি রয়েছে।

ইরানও জোর দিয়ে বলেছে, যেকোনো বৃহত্তর যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তেহরান।অন্যদিকে ইসরাইল স্পষ্ট করেছে, তারা লেবাননে নিজেদের নিয়ন্ত্রিত এলাকা থেকে সরে যাবে না। পাশাপাশি হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে তাদের সামরিক অভিযানও চলবে বলে জানিয়েছে দেশটি।

সূত্র: বিবিসি

/বিএসএস