লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের প্রাণঘাতী বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর জবাবে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড।
ইরান এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী সমঝোতা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, প্রতিপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ এবং চলমান আগ্রাসনের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ।
বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের বিরুদ্ধে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর ও ব্যাপক পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে শত্রুপক্ষকে বাধ্য করতেই এসব ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধের ঘোষণার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এদিকে ইরানের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।
সূত্র: আল-জাজিরা
/এএসএফ