• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম


‘ভণ্ড হুজুর’ মন্তব্যে নতুন বিতর্কে মারিয়া মিম, প্রাক্তন স্বামীকে ইঙ্গিত? ভাইরাল পোস্টে মুখর সামাজিক যোগাযোগমাধ্যম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৭:৩৯ পিএম

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পোস্টটিতে কারও নাম উল্লেখ না করলেও ‘ভণ্ড হুজুর’ শব্দবন্ধ ব্যবহার করায় নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মারিয়া মিম লিখেছেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই ধারণা করছেন, তিনি তার সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানকে ইঙ্গিত করেই এ মন্তব্য করেছেন।

পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কয়েকজন ব্যবহারকারী সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেন। অনেকে মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই পোস্ট করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার জীবনযাপন ও চেহারায় পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারে ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ও বক্তব্যের ধারাবাহিকতায়ই মারিয়া মিমের এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকেই।

এদিকে সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার এই রহস্যময় পোস্ট আবারও নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। পরে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে তিনি কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি মারিয়া মিম।

/এসএন