দীর্ঘ প্রায় ১০ মাস কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি জানান, গত ১৮ মার্চ কারাগার থেকে মুক্তি পান। তবে মুক্তির পর কিছুদিন নিরিবিলি সময় কাটানোর কারণে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
মুক্তির বিষয়টি নিজেই নিশ্চিত করে সিদ্দিকুর রহমান বলেন, তার নামে দুটি মামলা রয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর নিজের ভেতরে এক ধরনের ভিন্ন অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা তার জন্য কঠিন। তিনি বলেন, “আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।”
মুক্তির পরের সময় নিয়ে তিনি জানান, গত কয়েকদিন তিনি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এবং নিজেকে কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। দীর্ঘদিন এক ধরনের পরিবেশে থাকার পর হঠাৎ করে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ফিরে আসার অভিজ্ঞতা নিয়েই এখন সময় পার করছেন। এ কারণেই বিষয়টি এতদিন প্রকাশ না করে নিজের মতো করে সময় কাটাতে চেয়েছেন বলে জানান তিনি।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত বছরের ১২ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পারভেজ বেপারীর বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।
/এসএন