• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম


‘প্রিন্স’ বিতর্কে দায় স্বীকার করলেন শাকিব খান

The Pulse BD online news desk
আপডেট টাইম: ১ এপ্রিল ২০২৬ ৮:০৬ পিএম

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ঢালিউড সিনেমা ‘প্রিন্স’ ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এর প্রধান অভিনেতা শাকিব খান।

পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এ সিনেমাটি দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও কারিগরি ত্রুটির অভিযোগে কয়েকবার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ঈদের পর মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স-এর উত্তরা শাখায় অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা। প্রিমিয়ার শেষে গভীর রাতে গণমাধ্যমের মুখোমুখি হন শাকিব খান, সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং জ্যোতির্ময়ী কুণ্ডু।

শুরুতেই শাকিব খান সিনেমাটির বিভিন্ন সীমাবদ্ধতার জন্য ক্ষমা চান। তিনি বলেন, “পাঁচ দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, তারপরও ২২টি শো হয়েছে—এটাই ‘প্রিন্স’-এর প্রতি দর্শকের ভালোবাসা।”

তিনি আরও জানান, গল্প শোনার পর থেকেই সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় কাজ মনে হয়েছিল। তবে সময় স্বল্পতা ও নানা জটিলতার কারণে সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি। এ জন্য নির্মাতাসহ সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।

শুটিংয়ের শুরুতেই অনুমোদন সংক্রান্ত জটিলতায় প্রায় তিন মাস সময় নষ্ট হয় বলেও জানান এই অভিনেতা। এরপর ঈদের আগমুহূর্ত পর্যন্ত শুটিং চলায় পুরো প্রক্রিয়ায় সময়ের চাপ ছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নির্মাতা ও প্রযোজকদের বিকল্প পরিকল্পনা (প্ল্যান-বি) রাখার পরামর্শ দেন তিনি।

সব সীমাবদ্ধতার পরও দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিব খান।